প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫
কৃষকদের সুখ-দুঃখের কথা কেউ বলে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগের চেয়ে পুলিশের মনোভাব ও মনোবল বৃদ্ধি পেয়েছে। পুলিশের দক্ষতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কুয়াকাটার ট্যুরিজম পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, ভবিষ্যতেও স্থিতিশীল থাকবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।কৃষি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছর দেশে আমনের উৎপাদন ভালো হয়েছে। কৃষকরাই জাতির মেরুদণ্ড—তাদের উৎপাদিত ফসলের ওপরই আমাদের জীবন-জীবিকা নির্ভরশীল। কিন্তু তাদের সুখ-দুঃখের কথা অধিকাংশ সময়েই কেউ তুলে ধরে না।সমুদ্র নিরাপত্তা বিষয়ে তিনি জানান, বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী অত্যন্ত সক্রিয় রয়েছে। তবে অনেক সময় জেলেরা মাছ শিকারের সময় অজান্তেই মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় তাদের আটক হওয়ার ঘটনা ঘটে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, বিভাগীয় উপ-মহাপরিচালক (আনসার ও ভিডিপি) আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার, পটুয়াখালী ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার (সিও) সদন চাকমা, জেলা কমান্ডার শফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক ও কুয়াকাটা রিজিয়নের এডিশনাল ডিআইজি অর্নিমান চাকমা।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত