প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া গুলি করে ৩ জনকে আহত অভিযুক্ত দুই আসামি ভারতে আটক
ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় প্রকাশ্যে গুলিকরে ৩ জনকে আহত করার প্রধান অভিযুক্ত শাকিল মিয়া ও তার সহযোগী আরিয়ান আহমেদকে ভারত থেকে আটক করে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা দুজনকে আটক করে এবং শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। পরে বিজিবি ৬০ ব্যাটালিয়নের সদস্যরা তাদের কসবা থানায় সোপর্দ করে পাসপোর্ট আইনে মামলা দায়ের করেন। গত ২৮ নভেম্বর কান্দিপাড়ায় আধিপত্য বিস্তার ও চোরাচালান পণ্য আটকাকে কেন্দ্র করে শাকিল মিয়ার গুলিতে তিনজন আহত হন। একই রাতে বিরোধের জেরে সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনাটি আলোচনায় এলে শাকিল এলাকা ছেড়ে পলাতক হন এবং আখাউড়ায় লুকিয়ে থাকার পর ভারতে পালিয়ে যান। কসবা থানার তদন্ত কর্মকর্তা রিপন দাস জানান, আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমানও আটক, হস্তান্তর ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত