প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও মাদককারীদের দ্বারা নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়: আতাউর রহমান সরকার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেছেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও মাদককারীদের দ্বারা কখনো নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়।তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে এবং জনগণের ভালোবাসায় যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারি, তাহলে ইনশাআল্লাহ চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। এই জনপদ হবে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জনপদ।শনিবার বিকাল ৩টায় কসবা উপজেলার নয়নপুর বাজারে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বায়েক ইউনিয়ন জামায়াতের আমীর আলী আশরাফের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, কসবা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, সেক্রেটারি ফরিদ উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক কবির আহমেদ এবং এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা যুগ্ম সদস্য সচিব এম. এ. বাতেন।এছাড়াও বক্তব্য দেন কসবা উপজেলা শিবির সভাপতি জাহিদ হাসান মোল্লা, সফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী রোস্তম আলী, ইউনিয়ন শিবির সভাপতি আহমেদ বাদল, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জহিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।আতাউর রহমান সরকার আরও বলেন, এদেশের মানুষ একটি নতুন বাংলাদেশ দেখতে চায়—যে বাংলাদেশ হবে মানবিক, মায়া-মমতা ও ভালোবাসায় মোড়ানো। ১১ দলীয় নির্বাচনী ঐক্য সেই মানবিক বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।তিনি উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটিবারের জন্য হলেও দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করুন।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত