প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬
রূপগঞ্জে জামায়াতের কার্যালয় বন্ধের হুমকি; বিএনপি নেতা হেলালের বিরুদ্ধে অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হাংকুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি অস্থায়ী কার্যালয় বন্ধ করে দেওয়ার প্রকাশ্য হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরাসরি নির্দেশ দিয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করার চেষ্টা করছেন। এমনকি ওই এলাকায় জামায়াতের কোনো অফিস থাকতে দেওয়া হবে না বলেও তিনি প্রকাশ্যে হুমকি দিয়েছেন বলে দাবি করা হয়।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামী দাউদপুর ইউনিয়নের হাংকুর এলাকায় একটি টিনশেড ঘরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অস্থায়ী কার্যালয় স্থাপন করে। কার্যালয়টিতে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লার ছবি সংবলিত ব্যানার টাঙানো ছিল।রবিবার (২৫ জানুয়ারি) সকালে জামায়াতের নেতাকর্মীরা কার্যালয়ে গিয়ে দেখতে পান, অফিসের প্রধান প্রবেশপথে ট্রাকভর্তি মোটা বালু ও ইটের স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে অফিসে প্রবেশসহ যেকোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম প্রায় অসম্ভব হয়ে পড়ে। অভিযোগ করা হয়, আগের রাতে স্থানীয় বিএনপির একদল নেতাকর্মী এই প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাতে জামায়াত ওই এলাকায় রাজনৈতিক তৎপরতা চালাতে না পারে।জামায়াত কর্মীদের দাবি, অ্যাডভোকেট হেলাল উদ্দিনের প্রত্যক্ষ নির্দেশেই এ ঘটনা ঘটানো হয়েছে। তারা জানান, ২৪ জানুয়ারি রাতে হেলাল উদ্দিন প্রকাশ্যে জামায়াতের কার্যালয় বন্ধের হুমকি দেন এবং নেতাকর্মীদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।স্থানীয় জামায়াত নেতারা আরও অভিযোগ করেন, হেলাল উদ্দিনের নেতৃত্বে বিএনপির একটি দল ঘটনাস্থলে গিয়ে ভয়ভীতি ও মারধরের হুমকি দেয়। তাদের ভাষ্য, “একজন আইনজীবী হয়েও অ্যাডভোকেট হেলাল উদ্দিন আইনের শাসন উপেক্ষা করে শক্তির অপপ্রয়োগ করছেন। ইট ও বালু ফেলে আমাদের অফিসের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং কর্মীদের ওপর হামলার হুমকি দেওয়া হচ্ছে।”তবে অভিযোগ অস্বীকার করেছেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কার্যালয়ের সামনে কে বা কারা ইট ও বালু রেখেছে, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।”এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “দাউদপুর ইউনিয়নের হাংকুর এলাকায় জামায়াতের একটি অফিসের সামনে ইট ও বালু ফেলার বিষয়টি আমরা জানতে পেরেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত