প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬
কসবায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার একজনতে ৭০ হাজার টাকা অর্থদগু
ব্রাহ্মণবাড়িয়া, কসবা উপজেলার কুটি এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষিজমি থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয় এবং তাকে ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে অবৈধ কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করে দেওয়া হয়। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত পাইপগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাতে ভবিষ্যতে পুনরায় একই ধরনের অপরাধ সংঘটিত না হতে পারে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তানজিমুল কবির। তিনি জানান, কৃষিজমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং কৃষিজমি রক্ষায় নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া কসবা
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত