প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬
বরগুনায় জোয়ারের ভয় কাটালো নতুন রিং বেড়িবাঁধ
বরগুনা সদর উপজেলার খাকদোন নদীর তীরে নবনির্মিত ৬২৮ মিটার দীর্ঘ ও ৩ মিটার প্রস্থের একটি শক্তিশালী রিং বেড়িবাঁধের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পোটকাখালী আশ্রয়ন প্রকল্প এলাকায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার এই বাঁধটির ফলক উন্মোচন ও বৃক্ষরোপণ করেন।
এই প্রতিরক্ষা বাঁধ নির্মাণের ফলে আশ্রয়ন প্রকল্পের ২৪০টি পরিবার এখন থেকে উচ্চ জোয়ার ও আকস্মিক প্লাবনের হাত থেকে স্থায়ী সুরক্ষা পাবে। দীর্ঘদিনের দুর্ভোগ শেষে এই প্রকল্পের মাধ্যমে উপকূলীয় এই জনপদে নতুন আশার আলো সঞ্চারিত হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র শীল, জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি উপস্থিত ছিলেন। বক্তারা এই উদ্যোগকে স্থানীয়দের জীবনমান উন্নয়নে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন।
প্রকল্পটি জাপান সরকারের অর্থায়নে এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে। স্থানীয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো নারী।
জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার সন্তোষ প্রকাশ করে জানান, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এমন অংশগ্রহণ উন্নয়ন ত্বরান্বিত করে। অনুষ্ঠান শেষে তিনি স্থানীয় অসহায় মানুষের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য, বরগুনা সদরের চারটি ইউনিয়নে মোট ৪ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে পাঁচটি সড়ক ও বাঁধ পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এই অবকাঠামোগত উন্নয়নের ফলে প্রায় ১৫ হাজার স্থানীয় মানুষ যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে সরাসরি সুবিধা ভোগ করবেন।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত