প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬
কসবায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার
কসবা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে সাইয়েদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ৪ মার্চ গোপীনাথপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বারাই রামপুর কাজিয়াতলী সীমান্ত, আকাবপুর, গুরহিত এলাকাসহ গোপীনাথপুর ইউনিয়ন এবং কসবা পৌরসভার বিভিন্ন রুট ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক ও ভারতীয় অবৈধ মালামাল আনা–নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়, এবং সে আওয়ামীলীগের শেখ রাসেল স্মৃতি সংঘের গোপীনাথপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক দায়িত্বে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী বিভিন্ন পথে অবৈধ পণ্য পরিবহনের সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে এলাকায় অভিযোগ প্রচলিত ছিল এবং তার নামে কসবা থানায় একাধিক অভিযোগ রয়েছে। ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে চাননি। তবে সুনির্দিষ্ট তথ্য ও নজরদারির পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করতে সক্ষম হয়।
এদিকে মুশফিকুর রহমান, কসবা–আখাউড়া আসনের সংসদ সদস্য, সম্প্রতি এলাকাকে মাদকমুক্ত করার ঘোষণা দেওয়ার পর থেকে জোরদার করা হয়েছে মাদকবিরোধী অভিযান। সংশ্লিষ্টরা বলছেন, চলমান অভিযানের অংশ হিসেবেই এ গ্রেপ্তার।
কসবা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত