প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের বার্ষিক ইফতার অনুষ্ঠিত
পুরান ঢাকার ওয়ারীতে অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ) রাজধানীর ওয়ারীস্থ ‘ফ্রাইজো’ রেস্টুরেন্টে এই মাহফিলের আয়োজন করা হয়।পবিত্র রমজান মাসের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের বর্তমান ও প্রাক্তন সদস্যরা অংশগ্রহণ করেন। বিকাল ৫টা থেকেই আমন্ত্রিত অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি এ.কে.এম. তামীম রহমান বলেন, "পবিত্র রমজানের এই আয়োজন আমাদের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার একটি বিশেষ মাধ্যম। ক্যারিয়ার ক্লাবের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা। আমরা চাই প্রতিটি সদস্য যেন এখান থেকে নেতৃত্ব ও পেশাদারিত্বের শিক্ষা নিয়ে কর্মজীবনে সফল হতে পারে। আগামীতে নেটওয়ার্কিং বৃদ্ধিতে আমরা আরও কার্যকর ও গঠনমূলক উদ্যোগ গ্রহণ করব।" ক্লাবের সাধারণ সম্পাদক রাব্বানী রাশহা রাতুল তার বক্তব্যে বলেন, "শত ব্যস্ততার মাঝেও ক্যারিয়ার ক্লাবের সদস্যরা যেভাবে আজকের আয়োজনে উপস্থিত হয়েছেন, তা আমাদের সুসংগঠিত ঐক্যেরই প্রতীক। ক্যারিয়ার ক্লাব সবসময়ই শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। অতীতে আমাদের আয়োজিত সফল ইভেন্ট ‘জব জাংশন’-এর কথা আমরা গর্বের সাথে স্মরণ করি। সেই ধারাবাহিকতায় ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও বড় পরিসরে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সেমিনার ও প্রোগ্রামের পরিকল্পনা আমাদের রয়েছে।"অনুষ্ঠানে উপস্থিত ক্লাবের সাবেক নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ সদস্যগণ তাদের বক্তব্যে কর্পোরেট জগতে টিকে থাকার জন্য নেটওয়ার্কিং ও কমিউনিকেশনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের ইভেন্ট ও কন্টেস্ট আয়োজনের মাধ্যমেই শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার সুযোগ তৈরি হয়। সাংগঠনিক কার্যক্রমের সফলতায় তারা সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।উল্লেখ্য, ইফতার মাহফিলে ক্লাবের বর্তমান ও সাবেক কমিটির সদস্য, ম্যানেজমেন্ট ট্রেইনি, সাধারণ সদস্য ও এলামনাইগণ উপস্থিত ছিলেন। ইফতারের পর সকলে একে অপরের সাথে সৌজন্যতা ও মতবিনিময়ের মাধ্যমে একটি সুন্দর সন্ধ্যা অতিবাহিত করেন।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত