প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাকিবুল ইসলাম (২৭) নামে এক তরুণ কনটেন্ট ক্রিয়েটর প্রাণ হারিয়েছেন। রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে প্রকাশ্যে তাকে চার রাউন্ড গুলি করার পর ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবককে গুলি ও কুপিয়ে জখম করার সময় জনতা সিহাব হোসেন নামে একজনকে আটক করে। পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক সিহাবের বাড়ি খুলনায় বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ ও রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানিয়েছেন, পুলিশ বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত