প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটো ভাড়া নিয়ে বিরোধের জেরে যুবক কুপিয়ে আহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ফতেহপুর গ্রামে অটো ভাড়া নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ২০ মার্চ শুক্রবার। আহত মেহেদী হাসান, যিনি আনসার ব্যাটালিয়নের সদস্য গোলাম মোস্তফার ছেলে, বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাত্র ১০০ টাকা অটো ভাড়া নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি মেহেদী হাসানের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় তার পায়ের রগ কেটে যায়, উরুতে গুরুতর জখম হয়, হাতের ১০টি আঙুলে আঘাত লাগে কেটে যায়, মাথা ও চোখে কুপিয়ে আহত করা হয় এবং পায়ের গোড়ালি ভেঙে যায় বলে জানা যায়।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন শাহজাহানের ছেলে ইরাক প্রবাসী স্বপন, অটোচালক লিল মিয়া, বোনের জামাই রাজমিস্ত্রি ইয়াছিন বোন ঝরনা এবং তার দ্বিতীয় বোন শিমি আক্তারসহ আরও কয়েকজন।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা হয়ে ঢাকায় রেফার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করলেও কোন বক্তব্য পাওয়া যায়নি এবং ঘটনার পরপরই তারা এলাকা থেকে পলায়ন করে বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে কসবা থানার ওসি (তদন্ত) রিপন দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত