প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
কসবায় টাস্কফোর্স অভিযানে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় টাস্কফোর্সের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম এর নেতৃত্বে একটি টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালিত হয় সালদানদী বিওপির সীমান্ত পিলার-২০৫৬ হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কসবা উপজেলার নয়নপুর বাজার এলাকার একটি গোডাউন ঘরে।অভিযানকালে কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির উপস্থিত ছিলেন। এ সময় বিজিবির ৩২ জন সদস্য এবং ৩ জন পুলিশ সদস্য যৌথভাবে অভিযানে অংশ নেন।অভিযানে নয়নপুর গ্রামের স্থানীয় মোঃ আল-আমিন (৩৫)-এর ব্যবহৃত গোডাউন ঘর থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—৬,৭৫০ কেজি (২২৫ বস্তা) ভারতীয় বাসমতি চাল, ৭০০ কেজি ফুসকা, ২,১৬০ পিস কাবেরী মেহেদী, ১৯২ ক্যান রেডবুল এনার্জি ড্রিংকস এবং ৯০ কেজি জিরা।জব্দকৃত এসব পণ্যের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা। বিজিবি জানায়, পণ্যগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।এ অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক এস এম শরিফুল ইসলাম।এদিকে, গোডাউন সংশ্লিষ্ট ব্যক্তি মোঃ আল-আমিন দাবি করেছেন, জব্দকৃত পণ্যগুলো কাস্টমস নিলামে ক্রয় করা হয়েছিল এবং এ সংক্রান্ত কাগজপত্রও তার কাছে ছিল। তবে তিনি জানান, কাগজপত্রের মেয়াদ দুই দিন আগে শেষ হয়ে যাওয়ায় তা আর কার্যকর ছিল না।বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত