প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
সীমান্তে বিজিবির অভিযানে: কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকালে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, “সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে একাধিক স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী ও চন্ডিদার বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু, কসমেটিক্স সামগ্রী, বাজি, চিংড়ি মাছের রেনু, জিরা, বাসমতি চাল, ফুসকা, কফি, রেডবুল এনার্জি ড্রিংকস, ব্লেজারের কাপড়, অ্যাকোরিয়াম মাছ এবং মাদকদ্রব্য হিসেবে ইস্কাফ সিরাপ ও মদ। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৪২০ টাকা।
জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরের মাদক স্টোরে সংরক্ষণ করা হবে।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত