প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
কসবায় অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি, ব্যবসায়কে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদমতলী মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ‘সিয়াম অটো পয়েন্ট’ নামের একটি দোকানে অতিরিক্ত দামে পেট্রোল ও অকটেন বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোকান মালিক শাফায়েতকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে দোকানে মজুদ থাকা জ্বালানি তেল তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে বিভিন্ন যানবাহনের চালকদের কাছে বিক্রি করা হয়, যা উপস্থিত সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরায়।স্থানীয় মোটরসাইকেল চালক নাজিম উদ্দিন জানান, গত কয়েকদিন ধরে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা যাচ্ছে। ফলে বাধ্য হয়ে অনেক চালক খোলা বাজার থেকে বেশি দামে তেল কিনছেন। তিনি অভিযোগ করেন, কিছু অসাধু পাম্প মালিক রাতের আঁধারে খোলা বাজারে বেশি দামে জ্বালানি বিক্রি করছেন।স্থানীয়দের দাবি, খোলা বাজারে অনেক দোকান ১৮০ টাকায় তেল সংগ্রহ করে ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি করছে। এতে সাধারণ চালকদের বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।এদিকে, বাইকারদের অভিযোগ—প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকায় এমন অনিয়ম বাড়ছে। তারা মনে করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করলে বাজারে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত