প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে দুই মাদক কারবারি আটক, উদ্ধার ট্যাপেন
ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে দুইজন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে ভূল্লী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই জাকিউলের নেতৃত্বে পরিচালিত অভিযানে বোর্ড অফিস বাজার সংলগ্ন একটি কলাবাগান থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ মন্ডলপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৮) এবং মৃত বিমল চন্দ্রের ছেলে মহেশ চন্দ্র (৩৭)।
স্থানীয় পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয়।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি আউলিয়াপুর এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা ছিনতাইয়ের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সক্রিয় হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযানে গতি এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত