প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
কসবায় অটোরিকশার ধাক্কায় ৪ বছরের শিশু নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় আয়ান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার বুগির সড়কে এ দুর্ঘটনা ঘটে。
নিহত আয়ান কসবার এক সহকারী শিক্ষক আবু ছুফিয়ানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বুগির সড়কে একটি দ্রুতগতির অটোরিকশা শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। ঘটনাটি এত দ্রুত ঘটে যে আশপাশের মানুষ কিছু বুঝে ওঠার আগেই অটোরিকশাটি শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আয়ানকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান。
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক আয়ানকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবর শুনে তার বাবা আবু ছুফিয়ান হাসপাতালে ভেঙে পড়েন। সন্তানের মৃত্যুতে তার আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
পরিবারের অভিযোগ, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, এলাকায় অনেক অটোরিকশা চালক প্রশিক্ষণহীন ও ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞ। ফলে সড়কে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে।
এ ঘটনায় জড়িত অটোরিকশা চালককে শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত