প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
কসবা তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাম-রুবেলা টিকা কর্মসূচি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ ২১ এপ্রিল সকালে উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের এলাকার নির্ধারিত বয়সী শিশুদের টিকা প্রদান করা হয়। সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে টিকা নিতে শিশু ও অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্বাস্থ্যকর্মীরা সুশৃঙ্খলভাবে টিকাদান কার্যক্রম পরিচালনা করেন এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবকদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান ভূইয়া জানান, হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক হতে পারে। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব হবে। তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সকল শিশুকে টিকার আওতায় আনার জন্য এ ধরনের কর্মসূচি নিয়মিত পরিচালনা করা হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদেরও তিনি নিয়মিত টিকা প্রদানে সচেতন হওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, হাম-রুবেলা নির্মূলের লক্ষ্যে দেশব্যাপী এ টিকাদান কর্মসূচি চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত