প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
ঠাকুরগাঁওয়ে পেট্রল কালোবাজারি চক্রের দুই সদস্য আটক, ২০০ লিটার জ্
গভীর রাতে ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করে সীমান্ত এলাকায় দ্বিগুণ দামে বিক্রি—ভ্রাম্যমাণ আদালতে জরিমানাঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গভীর রাতে ফিলিং স্টেশন থেকে পেট্রল সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে প্রায় ২০০ লিটার পেট্রল জব্দ করা হয়।সোমবার রাতে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিরা হলেন—জাহিরুল ইসলাম (৩২) ও জহিরুল ইসলাম (৩০)। তাঁদের মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক ৩০ হাজার টাকা জরিমানা করেন।পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটক জাহিরুল বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুলহাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অন্যদিকে জহিরুল একই উপজেলার হরিণমারী নয়াপাড়া গ্রামের সরিফ উদ্দীনের ছেলে।আদালতে দেওয়া স্বীকারোক্তিতে তাঁরা জানান, রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার একটি ফিলিং স্টেশন থেকে রাতের বেলায় তুলনামূলক কম দামে পেট্রল কিনে এনে সীমান্তবর্তী এলাকায় বেশি দামে বিক্রি করা হতো। প্রতি লিটার পেট্রল ২০০ টাকায় কিনে ৪০০ টাকায় বিক্রি করা হতো বলে জানান তাঁরা।তাঁদের ভাষ্য অনুযায়ী, তারা মূলত তেল পরিবহনের কাজ করতেন এবং পুরো চক্রের নেতৃত্বে ছিলেন কালীবাড়ি গ্রামের আব্দুল খালেক, যিনি এসব জ্বালানি বেশি দামে বিক্রি করতেন।বালিয়াডাঙ্গী থানা-পুলিশ জানায়, এ ধরনের অবৈধ জ্বালানি বাণিজ্য রোধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত