প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
অবৈধ পথে দেশে ফেরা, কসবায় মাদলা সীমান্তে আটক ৩ বাংলাদেশী
কসবায় মাদলা সীমান্তে বিজিবির অভিযানে ভারত ফেরত ৩ বাংলাদেশি আটক। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় ৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ ১০ মে ২০২৬ ইং, রাত আনুমানিক ৮টা ০৫ মিনিটে কসবা থানাধীন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর মাদলা বিওপির দায়িত্বপূর্ণ বেলতলী সীমান্ত এলাকায় টহল অভিযান পরিচালনা করা হয়। এসময় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ওই ৩ জনকে আটক করে বিজিবির টহল দল।
আটককৃতরা হলেন— চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার গৌঠাপাড়া গ্রামের আবদুল জলিল (৪৫), গড়াইপাড়া গ্রামের মোঃ নাছির উদ্দীন (৩৫) এবং খালেকপুর গ্রামের মোঃ আমির হোসেন (৪২)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা বিভিন্ন সীমান্ত পথ ব্যবহার করে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেখানে তারা ভারতের চেন্নাই এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন। পরে দালালের সহায়তায় মাদলা সীমান্ত দিয়ে দেশে ফেরার চেষ্টা করলে বিজিবির টহলদল তাদের আটক করে।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও দালাল চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত