প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
কসবায় বজ্রপাতে স্কুলছাত্র ফাহাদের মৃত্যু, শোকে স্তব্ধ গ্রামবাসী
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রামে বজ্রপাতে মো. ফাহাদ (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলছিল ফাহাদ। এ সময় বৈরী আবহাওয়া শুরু হলে আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়ে।
সহপাঠীদের চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাহাদ উপজেলার বিনাউটি গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. ফারুকের ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পর স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান না করার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত