প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
সোনালি ধানের ঢেউয়ে বদলে গেছে কালিহাতীর প্রান্তর
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জুড়ে এখন চলছে বোরো ধান কাটার উৎসব। স্থানীয়ভাবে অনেকের কাছে ইরি ধান নামে পরিচিত এই বোরো ধানের সোনালি আভায় যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে গ্রামবাংলা। মাঠের পর মাঠ জুড়ে পাকা ধানের ঢেউ আর কৃষকদের ব্যস্ততা তৈরি করেছে এক উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা ব্যস্ত সময় পার করছেন ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার কাজে। উপজেলার বাংড়া, সিলিমপুর, বাগুটিয়া, পিচুটিয়া, বর্তা, এলেঙ্গা, নারান্দিয়া, বল্লা ও সহদেবপুরসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে কোথাও কৃষকরা কাস্তে হাতে ধান কাটছেন, আবার কোথাও আধুনিক হারভেস্টার মেশিনে চলছে ধান সংগ্রহের কাজ। এবার অনুকূল আবহাওয়া, সময়মতো সেচ ও সার পাওয়ায় বোরো ধানের ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। তবে মাঝে মাঝে বৃষ্টি শ্রমিক সংকট এবং ধান কাটার বাড়তি খরচ নিয়ে কিছুটা দুশ্চিন্তাও রয়েছে তাদের মধ্যে। তারপরও ভালো ফলনের আশায় অনেক কৃষকের মুখে ফুটেছে স্বস্তির হাসি। স্থানীয় কৃষকদের ভাষ্য, গত কয়েক মৌসুমের ক্ষতি কাটিয়ে এবার লাভের মুখ দেখার আশা করছেন তারা। সোনালি ধানে ভরা মাঠ আর কৃষকদের প্রাণচাঞ্চল্যে এখন গ্রামবাংলার প্রকৃতিতেও লেগেছে উৎসবের ছোঁয়া।উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন জানান, চলতি মৌসুমে কালিহাতীতে বোরো ধানের আবাদ হয়েছে ব্যাপক আকারে। উপজেলায় বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে। এর বিপরীতে অর্জিত হয়েছে ১৮ হাজার ৫৬৫ হেক্টর জমি। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে মাঠ পর্যায়ে নিয়মিত কাজ করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।কৃষকদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে নির্বিঘ্নে ঘরে তুলতে পারবেন তাদের সোনালি ফসল। আর সেই ফসল ঘিরেই এখন কালিহাতীর মাঠে মাঠে বইছে আনন্দ, স্বপ্ন আর প্রাপ্তির।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত