প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬
কসবায় ৭১৬ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
কসবা পৌরসভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭১৬টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ কর্মসূচির আওতায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। রোববার সকালে কসবা পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ছামিউল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপসহকারী জিয়াউর হোসেন ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন। পৌর প্রশাসনের তত্ত্বাবধানে পুরো বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূইয়া, সাবেক সভাপতি আলী আশরাফ, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, বশির চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফ কার্ডধারী অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। তিনি জানান, জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সকাল থেকেই পৌরসভা প্রাঙ্গণে উপকারভোগীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিতরণ কার্যক্রমে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন। সংশ্লিষ্টরা জানান, স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে চাল পৌঁছে দেওয়া হয়েছে। চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারের এমন সহায়তা তাদের পরিবার পরিচালনায় অনেকটা স্বস্তি এনে দিয়েছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত