প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
রানীশংকৈলে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে নিঃস্ব দুলাল পরিবার
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভার ৮ নং নম্বর ওয়ার্ডের নয়নপুর কলোনি এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে একটি পরিবারের বসতঘর ও সব মালামাল পুড়ে গেছে। বুধবার (২০ মে) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সৌভাগ্যক্রমে পরিবারের সদস্যরা দ্রুত বাইরে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা মো. দুলাল হোসেন (৫৯)। তিনি মৃত আইয়ুব আলীর ছেলে। তাঁর পরিবারে স্ত্রী, তিন ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। বড় ছেলে সম্রাট হোসেন (১৫) একজন হাফেজে কোরআন, মেঝ ছেলে সাকিবুল হোসেন (১৩), ছোট ছেলে আলিফ হোসেন (৮) এবং ২১ মাস বয়সী কন্যা মারিয়া আক্তার জান্নাত।খবর পেয়ে রানীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু আগুনে ভস্মীভূত হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সংযোগের পাইপে লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।বর্তমানে পরিবারটি একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে। পরনের কাপড় ছাড়া তাদের আর কিছু অবশিষ্ট নেই। রাত কাটানোর জন্য প্রতিবেশীদের সহায়তায় অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর প্রতি দুলাল পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সামান্য সহায়তাই পরিবারটিকে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত