প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
কসবায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। এ ঘটনায় আরও দুইজনকে পলাতক আসামি করা হয়েছে。
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ মে ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে কসবা থানার এসআই (নিরস্ত্র) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ১০নং বায়েক ইউনিয়নের হরিপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে পলাতক আসামি আব্দুল জলিলের বসতবাড়ির দক্ষিণ ভিটির একটি চৌচালা টিনের ঘরের পশ্চিম পাশের কক্ষ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মমিন মিয়া (৩২) ও মোঃ ইব্রাহিম (২৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মমিন মিয়া হরিপুর গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা এবং মোঃ ইব্রাহিম বড় বায়েক এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আব্দুল জলিল (৪৮) ও রুবেল (৩৫) নামে আরও দুইজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
এ বিষয়ে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-৩৫ এবং জিআর নং-২০৭, তারিখ ২২ মে ২০২৬।
বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে。”
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত