চ্যানেল এ

আখাউড়া রেলজংশনে চিহ্নিত ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ

আখাউড়া রেলজংশনে সংঘটিত দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় একাধিক মামলার চিহ্নিত ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। পুলিশ জানায়, রেলওয়ে সম্পদের নিরাপত্তা, যাত্রী ও প্ল্যাটফর্মের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ সকাল ৮টা ২০ মিনিটে আখাউড়া রেলওয়ে থানা-এর অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) সুদর্শন কুমার দে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আখাউড়া রেলওয়ে স্টেশন-এর ওয়াশফিড এলাকা থেকে দেবগ্রাম (মাস্টারপাড়া) এলাকার কুখ্যাত ও চিহ্নিত ছিনতাইকারী মোঃ সোহান (২০)-কে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি ও লুণ্ঠিত ৫০০ টাকাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সোহান তার সহযোগীদের নিয়ে গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ ভোর আনুমানিক ৫টার সময় আখাউড়া রেলওয়ে স্টেশন-এর ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী মোঃ জসিম উদ্দিন (২৬)-কে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে নগদ ৩৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার সহযোগী পলাতক ছিনতাইকারী উদয় মিয়া ভুক্তভোগীর হাতে থাকা একটি রেডমি-১৩ প্রো প্লাস স্মার্টফোন (মূল্য প্রায় ৩২ হাজার টাকা) জোরপূর্বক ছিনিয়ে নেয়। উক্ত ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এরপর থেকেই আখাউড়া রেলওয়ে পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তারে তৎপরতা বাড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মোঃ সোহানের বিরুদ্ধে ইতিপূর্বে চারটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আখাউড়া রেলজংশনে চিহ্নিত ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ
App Icon
অ্যাপ ইন্সটল করুন

দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

সর্বশেষ খবরের আপডেট চান?

সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।