বরগুনার আমতলীতে বিরোধীয় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পাঁচ নারীসহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ছয়জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোপখালী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোপখালী গ্রামের মাসুম বিল্লাহ আকন ও জামাল হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে ৫০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে ওই জমিতে ধান রোপণ করতে গেলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের পাঁচ নারীসহ অন্তত ১০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসক ডা. মেনহাজ উদ্দিন ভুইয়া গুরুতর আহত রোজিনা (৩৫), আলেয়া (৬৫), নুরুননাহার (৩০), মারিয়া (২২), জেসমিন (৩৫) ও রেজাউল হাওলাদারকে (১৯) বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন। অপর আহত মাসুম বিল্লাহ আকন ও আবু নাইমকে স্থানীয় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
ভুক্তভোগী মাসুম বিল্লাহ আকন অভিযোগ করে বলেন, আমাদের ভোগদখলীয় জমিতে ধান রোপণ করতে আসায় বাঁধা দেই। এতে জামাল হাওলাদারের লোকজন আমার স্ত্রী, মা ও পরিবারের অন্য সদস্যদের কুপিয়ে জখম করে। তিনি দাবি করেন, আহতদের হাসপাতালে নেয়ার সময় ফের হামলার শিকার হয়েছেন।
অন্যদিকে, জামাল হাওলাদার বলেন, গত বছর আমি ওই জমি ক্রয় করেছি। সেখানে চাষাবাদ করতে গেলে মাসুম বিল্লাহ ও তার লোকজন আমাদের ওপর হামলা চালায়।
আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেনহাজ উদ্দিন ভুইয়া বলেন, গুরুতর আহত ছয়জনকে বরিশাল পাঠানো হয়েছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন