বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নয়াহালট গ্রামে শতাধিক কৃষক-কৃষানির মাঝে বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় নয়াহালট গ্রামের মধ্যপাড়ায় এ বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ, উপজেলা শাখার সভাপতি মো. শাহীন আলম, সহ-সভাপতি আইরিন আক্তার রিপা, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, সহ সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ,
ক্রীয়া সম্পাদক মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক এনামুল হক ও কার্যকরী সদস্য অসিম তালুকদার প্রমুখ।
এসময় শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শাহীন আলম বলেন, “নয়াহালট গ্রামের অনেক পরিবার আর্থিক সংকটে ভুগছে। তাদের খাবারের তালিকায় নিয়মিত সবজি থাকে না। তাই তাদের প্লেটে সবজি পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “বাড়ির আশপাশের পতিত জমিতে এসব বীজ রোপণ করে সবজির চাহিদা মেটানো সম্ভব হবে। এমনকি বাজারেও বিক্রি করে কৃষকরা বাড়তি আয় করতে পারবেন।”
উপদেষ্টা আব্দুল আহাদ বলেন, “সবজি আমাদের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বসুন্ধরা শুভসংঘের এ কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়।”
বীজপ্রাপ্ত কৃষকরা জানান, পতিত জমি চাষাবাদের আওতায় আনার মাধ্যমে তারা সবজি উৎপাদনে উৎসাহিত হয়েছেন। এ উদ্যোগের জন্য তারা বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।
আপনার মতামত লিখুন