ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১(দুর্গাপুর–কলমাকান্দা) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ একত্রিত হয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাসুদুর রহমান-এর কার্যালয়ে উপস্থিত হন। পরে তাঁর কাছ থেকেই ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইমাম হাসান আবুচান, কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, সহ-সভাপতি এম রফিকুল ইসলামসহ দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত ও উদ্দীপনাময়।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে বিএনপি নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে দুর্গাপুর ও কলমাকান্দার মানুষ উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের জন্য অপেক্ষা করে আছে। এই আসনের মানুষ বারবার বঞ্চিত হয়েছে তাদের ন্যায্য অধিকার থেকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করার মাধ্যমেই এই জনপদের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, ব্যারিস্টার কায়সার কামাল একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব। তিনি ইতোমধ্যেই মানবিক কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, চিকিৎসা সহায়তা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। নির্বাচিত হলে তিনি দুর্গাপুর ও কলমাকান্দাকে একটি পরিকল্পিত, আধুনিক ও উন্নয়নবান্ধব জনপদে রূপান্তরিত করবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপি নেতারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে রায় দেবে এবং ব্যারিস্টার কায়সার কামাল হবেন এই অঞ্চলের উন্নয়ন, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার আলোকবর্তিকা।
আপনার মতামত লিখুন