ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটির মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ যাচাই-বাছাইয়ে মোট ছয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১টা থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের নেতৃত্বে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাতিল হওয়া সব প্রার্থীর মনোনয়ন বাতিলের কারণ হলো ভোটার সমর্থনের স্বাক্ষরে ত্রুটি। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে দুইজন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে চারজন রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন হাবিবুর রহমান ও নজরুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও মো. কাজী জাহাঙ্গীর।রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থনসংবলিত স্বাক্ষর তালিকায় ত্রুটি পাওয়া গেছে। তালিকায় স্বাক্ষর থাকলেও দৈবচয়ন পদ্ধতিতে যাচাইয়ের সময় একাধিক ভোটার সেই স্বাক্ষর তাদের নয় বলে অস্বীকার করেন। এ কারণেই প্রার্থীদের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দাখিল করা ১১ জন প্রার্থীর মধ্যে কারও মনোনয়ন বাতিল হয়নি। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী শনিবার (৩ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার বাকি তিনটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে।
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল
আপনার মতামত লিখুন