ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালামুড়িয়া মৌজায় জমি দখলকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর, হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল হাকিম কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কালামুড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল হাকিমের মা সাজাহানের নেছা ২০১৮ সালের ২২ জানুয়ারি একই গ্রামের মোঃ হেলিম মিয়ার কাছ থেকে বিএস খতিয়ান নং ১০৭, দাগ নং ৫৬-এর অন্তর্গত ২ শতক ভিটা জমি সাব-কবলা দলিল নং ৪২৬ মূলে ক্রয় করেন। দীর্ঘদিন ধরে ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখলে থাকার পর সম্প্রতি বিক্রেতা হেলিম মিয়া ও তার সহযোগীরা জমিটি পুনরায় জবরদখলের চেষ্টা শুরু করে।
গত ১৯ জানুয়ারি ২০২৬ সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে আব্দুল হাকিম তার লোকজন নিয়ে উক্ত জমিতে ঘর নির্মাণ করতে গেলে মোঃ হেলিম মিয়া, সজিব মিয়া, মোঃ রৌফ মিয়া, রেহেনা বেগম, তাছলিমা বেগম, সোহেদা বেগম, জিয়াসমিন বেগম, মোঃ নূর ইসলামসহ আরও ৬থেকে ৭ জন, দা, রড ও লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা প্রদান করে। ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। তবে প্রতিবেশীরা জানান রাত ১২টার সময় পুনরায় বাড়িঘরে হামলা করে ভাঙচুর করে জমি জবরদখলের চেষ্টা করে।
এ ঘটনায় কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন