টাঙ্গাইল পৌরবাসীর বহুদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে ডিসি অফিস সংলগ্ন আমতলা থেকে বৈল্যা পর্যন্ত ৯৩০ মিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সড়কটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির শুভ উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
দীর্ঘ সময় ধরে সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছিল। ফলে এটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অথচ টাঙ্গাইল শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ ‘বাইপাস’ হিসেবে পরিচিত এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো ছোট ও বড় যানবাহন চলাচল করে। এমন গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে নিয়মিত দুর্ভোগের শিকার হতে হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে চলতি বছরের ১২ জানুয়ারি সড়কটির সংস্কার কাজ শুরু হয়। জিওবি রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় ৭৭ লাখ ৯৭ হাজার ৫১৯ টাকা ২৫ পয়সা ব্যয়ে দ্রুত সময়ের মধ্যে ৯৩০ মিটার দীর্ঘ এই সড়কের নির্মাণ ও সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
নবনির্মিত সড়ক চালু হওয়ায় শুধু যানবাহন চলাচলই নয়, ডিসি অফিস ও আদালতপাড়ায় যাতায়াতকারী সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। সড়ক ব্যবহারকারীরা জানান, আগে সামান্য বৃষ্টিতেই এখানে পানি জমে যেত। গর্তের কারণে রিকশা ও সিএনজি উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটত। এখন নতুনভাবে সড়কটি নির্মিত হওয়ায় তারা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন।
দীর্ঘদিনের অবহেলার পর অবশেষে গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটির সংস্কার সম্পন্ন হওয়ায় টাঙ্গাইল শহরের যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের আশা করছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন