নেত্রকোনার দুর্গাপুরে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘কুরআনের আলো হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা’। স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে ০৫ মার্চ থেকে এ প্রতিযোগিতা শুরু হয়েছে।
শুক্রবার ৬ মার্চ প্রতিযোগিতার দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। সকাল থেকে বিভিন্ন মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এতে প্রতিযোগী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রতিযোগিতা চলবে।
গত বছর প্রথমবারের মতো উপজেলা বিএনপির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ব্যাপক সাড়া পাওয়ায় এবার দ্বিতীয়বারের মতো আরও বৃহৎ পরিসরে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার জানান, তরুণ প্রজন্মকে ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত ও অনুপ্রাণিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এমন সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মাঝে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা আরও বৃদ্ধি পাবে।
দুর্গাপুরে বৃহৎ পরিসরে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এ আয়োজনের জন্য কমিটির পক্ষ থেকে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালকে ধন্যবাদ জানানো হয়।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মজিবুর রহমান, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা মজিবুর রহমানসহ অন্যান্য উস্তাদগণ ও এন্তেজামিয়া কমিটির সদস্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতী হুমায়ুন কবীর, মুফতী এনায়েত উল্লাহ এবং মুফতী শিব্বীর আহমেদ আকন্দ।
আপনার মতামত লিখুন