বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম বাস ‘উল্কা-১’ পরিবারের বার্ষিক ইফতার মাহফিল। গত রোববার রাজধানীর শাহজাদপুর এলাকায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধকে ধারণ করে আয়োজিত এই অনুষ্ঠানে ‘উল্কা-১’ বাসের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের এক মিলনমেলা পরিলক্ষিত হয়। বিকেল ৫টা থেকেই অনুষ্ঠানস্থলে আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীদের পদচারণায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উল্কা-১ বাসের সভাপতি আদনান রহমান বলেন, "এই ইফতার মাহফিল শুধুমাত্র একটি গেট-টুগেদার নয়; বরং এটি আমাদের সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে সেতুবন্ধনের একটি মাধ্যম। জুনিয়রদের প্রতি আমার প্রত্যাশা, তোমরা সবাই পরিবারের মতো মিলেমিশে থাকবে এবং এই বাসের ঐতিহ্যকে সামনে এগিয়ে নিয়ে যাবে।" তিনি অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে যারা ছিলেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাধারণ সম্পাদক আবদুল্লাহ আফসান হিরা তার বক্তব্যে বলেন, "একসাথে বসে ইফতার করার মাধ্যমে আমাদের সবার মধ্যে যে আন্তরিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এই সুন্দর আয়োজনের নেপথ্যে যারা পরিশ্রম করেছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।"
অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে মেহেদী হাসান ওয়াসিম বলেন, "প্রথম বর্ষ থেকে শেষ বর্ষ পর্যন্ত উল্কা-১ বাসের সাথে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি ও আবেগ। ১৭তম আবর্তনের তত্ত্বাবধানে আয়োজিত এই মাহফিল আমাদের সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করেছে।" তিনি আগামী দিনগুলোতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য জুনিয়রদের প্রতি আহ্বান জানান এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং উল্কা-১ বাসের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। ইফতারের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন