দিনাজপুরের বীরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। এ সময় পরিতোষ কুমার রায় নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তার বাড়ি থেকে মোট ৪১৪ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তেলের মধ্যে ৩৮০ লিটার ডিজেল ও ৩৪ লিটার অকটেন রয়েছে, যা তার বাড়ি থেকেই জব্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তি অধিক দামে বিক্রির উদ্দেশ্যে এসব তেল অবৈধভাবে মজুদ করেছিলেন বলে জানা গেছে।
জব্দকৃত তেল তাৎক্ষণিকভাবে খোলা বাজারে বাজারমূল্যে বিক্রি করে দেওয়া হয়। প্রশাসন জানায়, কৃত্রিম সংকট সৃষ্টি ও জনদুর্ভোগ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন