জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (JnUITS) নবগঠিত বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ৩টায় উপাচার্যের কার্যালয়ে এই সভা সম্পন্ন হয়।
বৈঠককালে সংগঠনের প্রতিনিধিরা আগামী এক বছরের জন্য তাদের লক্ষ্য ও পরিকল্পনা উপাচার্যের নিকট বিস্তারিত উপস্থাপন করেন। বিশেষ করে শিক্ষার্থীদের আইটি দক্ষতা উন্নয়ন, নিয়মিত কারিগরি সেমিনার এবং বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ ‘ডিজিটাল ক্যাম্পাস’ হিসেবে গড়ে তুলতে আইটি সোসাইটির ভবিষ্যৎ উদ্যোগগুলো আলোচনায় প্রাধান্য পায়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন আইটি খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, "বিশ্বের সাথে তাল মেলাতে তথ্যপ্রযুক্তিতে আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রতিটি সংগঠনকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে হবে। জবি আইটি সোসাইটির যেকোনো ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপে প্রশাসনের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা নিশ্চিত করব।"
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন।
সংগঠনের মডারেটর ও সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু লায়েক তার বক্তব্যে বলেন, "প্রশাসনের কার্যকর সমর্থন পেলে আমাদের আইটি সোসাইটি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আরও বৃহৎ পরিসরে কাজ করতে সক্ষম হবে।"
আইটি সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত কাঠামো ও শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে গতিশীল করতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যরা সভায় অংশগ্রহণ করেন এবং উপাচার্যের সরাসরি পরামর্শ তাদের কর্মপরিকল্পনা বাস্তবায়নে নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্বাস করেন।
সভা শেষে এক ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল অগ্রযাত্রায় আগামী দিনগুলোতে আইটি সোসাইটি আরও বলিষ্ঠ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
আপনার মতামত লিখুন