ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের বগাবাড়ি এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) দুপুরে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।
অভিযানকালে দেখা যায়, সাওদা আক্তার লামিয়া (১৬ বছর ৬ মাস), যিনি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী, তার বিয়ের প্রস্তুতি চলছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কনের বাবা সেন্টু মিয়া (৪৫)-কে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া তিনি মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে একটি মুচলেকা প্রদান করেন।
অভিযানের সময় বাল্যবিবাহ উপলক্ষে প্রস্তুতকৃত খাবার জব্দ করা হয় এবং পরবর্তীতে তা আড়াইবাড়ী এতিমখানায় বিতরণ করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির বলেন, বাল্যবিবাহ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে স্থানীয় জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন