ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের এমপি প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেছেন, আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র।
শনিবার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় এলে সকল ধর্মের মানুষ নিরাপত্তা ও পূর্ণ স্বাধীনতার সঙ্গে বসবাস করতে পারবে।
তিনি আরও বলেন, নারীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা হবে এবং যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ সৃষ্টি করা হবে। যুব সমাজের জন্য প্রতি মাসে উচ্চশিক্ষায় বিনামূল্যে স্কলারশিপের ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি আখাউড়া–কসবা এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
আতাউর রহমান সরকার বলেন, এলাকায় উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কর্তৃক বরাদ্দ আয়-ব্যয়ের হিসাব ৬ মাস অন্তর প্রকাশ করা হবে এবং প্রত্যেক গ্রামের প্রতিনিধিদের নিয়ে স্থানীয় উন্নয়ন কমিটি গঠন করা হবে। জনগণের সকল সমস্যা মনোযোগ দিয়ে শুনে তা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
ধরখার ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল হামিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন— আখাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেন, সেক্রেটারি বোরহান উদ্দিন, জেলা শূরা সদস্য আব্দুল মুত্তালিব, কসবা উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম সারোয়ার, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার হায়দার রাফি, লন্ডন প্রবাসী জামিল ভুঁইয়া ও ইতালি প্রবাসী জিয়াউল করিম ভুঁইয়া প্রমুখ।
আপনার মতামত লিখুন