বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের হাতে আটক হওয়ার পর হাতকড়া পরা অবস্থায় বিষখালী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন মাসুদ খলিফা (৪০) নামে এক ট্রলার মাঝি। ঘটনার তিন দিন পার হলেও তার কোনো সন্ধান না মেলায় পরিবারে চলছে কান্নার রোল।
গত বৃহস্পতিবার রাতে চরদুয়ানী সংলগ্ন বলেশ্বর নদী এলাকা থেকে অবৈধ ট্রলিং ও বিপুল মাছসহ এফবি আব্দুল্লাহ ট্রলারের মাঝি মাসুদ ও মিস্ত্রি মুনসুর মিয়াকে আটক করে কোস্টগার্ড। পরবর্তীতে তাদের পাথরঘাটা স্টেশনে নেওয়ার পথে মধ্যরাতে হাতকড়াসহ নদীতে ঝাঁপ দেন মাসুদ।
এই ঘটনার পর ট্রলারের মালিক লিটন কোস্টগার্ডের কার্যালয়ে খোঁজ নিতে গেলে তাকেও আটক করা হয়। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি জানিয়েছে, হাতকড়া পরা অবস্থায় নদীতে ঝাঁপ দেওয়ায় মাসুদের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ।
নিখোঁজ মাসুদের স্ত্রী নুপুর বেগম অভিযোগ করেন, গভীর রাতে কোস্টগার্ড সদস্যরা তাদের বাসায় তল্লাশি চালায়। তার স্বামী হাতকড়া নিয়ে বাসায় ফিরেছেন কি না তা জানতে চাওয়া হয় এবং তার জবানবন্দি ভিডিও ধারণ করা হয়।
এদিকে আটক ট্রলার থেকে জব্দকৃত প্রায় ২০ মণ মাছ কোস্টগার্ড ও মৎস্য বিভাগ দরিদ্রদের মাঝে বিতরণ করেছে। পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক অভিযান ও জেলে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, জেলের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কোস্টগার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন