মিথ্যা তথ্যের ভিত্তিতে মামলা দায়ের ও পুলিশি হয়রানির অভিযোগ তুলে টাঙ্গাইলের কালিহাতীতে সংবাদ সম্মেলন করেছেন যুবদলের এক নেতা।
সোমবার (১৬ মার্চ) কালিহাতীতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন উপজেলার বল্লা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রায়হান আহমেদ লিজন।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার বাড়ি কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সিঙ্গাইর গ্রামে। কয়েকদিন আগে টাঙ্গাইল সদর থানার সেকেন্ড অফিসার এসআই রাফিউল ইসলাম তার বাড়ির তালা ভেঙে একটি মোটরসাইকেল নিয়ে যান। পরে পুলিশ মোটরসাইকেলটিকে চোরাই বলে দাবি করে।
তিনি বলেন, মোটরসাইকেলটি তিনি টাঙ্গাইলের বাপ্পু এন্টারপ্রাইজ থেকে বৈধভাবে ক্রয় করেছেন এবং এর সব কাগজপত্র তার কাছে রয়েছে। মোটরসাইকেলটি টিভিএস অ্যাপাচি ১৫০ সিসি, যার নম্বর টাঙ্গাইল,ল ১২৮৮২৬। পরে তিনি শোরুমের মালিকসহ কয়েকজনকে নিয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার কাছে যান এবং কাগজপত্র দেখান।
তার অভিযোগ, কাগজপত্র সঠিক থাকার পরও এসআই রাফিউল ইসলাম তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান, মিথ্যা মামলার হুমকি দেন এবং মানসিকভাবে হয়রানি করেন। রায়হান আহমেদ লিজন আরও বলেন, তার কাছে একটি অডিও রেকর্ড রয়েছে, যেখানে ওই কর্মকর্তা বলেন, গাড়ি কোর্টে পাঠিয়ে দেব, কোর্ট থেকে নিয়ে আসবি। আমি এসপি-ওসি কাউকেই মানি না।
তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত অভিযোগ দেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে একজন সার্কেল অফিসার তদন্ত করেন। তদন্তে মোটরসাইকেলের কাগজপত্র বৈধ প্রমাণিত হলেও তিনি এখনও হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, হয়রানি বন্ধ এবং জব্দ করা মোটরসাইকেল দ্রুত ফেরত দেওয়ার দাবি জানান। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন