কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের কৃষকসমাজকে শক্তিশালী করা গেলে জাতীয় অর্থনীতিও আরও মজবুত হবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের অংশ হিসেবে ১৫ জন কৃষক ও কৃষাণীর হাতে প্রতীকীভাবে কৃষক কার্ড এবং গাছের চারা তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাঙালির ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখ শুধু সংস্কৃতির নয়, কৃষির সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। সেই বিবেচনায় এই দিনটিকেই কার্যক্রম শুরুর জন্য নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিক পর্যায়ে ১১ টি উপজেলার প্রায় ২২ হাজার কৃষক এই কার্ড পাচ্ছেন। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষকের মধ্যে এটি বিতরণ করা হবে। সরকারের লক্ষ্য কৃষকদের স্বাবলম্বী করে তোলা এবং কৃষি খাতকে আরও আধুনিক করা।
এছাড়া তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা নানা ধরনের সুবিধা পাবেন, যা তাদের উৎপাদন, সংরক্ষণ এবং বিপণন প্রক্রিয়াকে সহজ করবে। খাদ্য সংরক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করতে দেশের বিভিন্ন স্থানে কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে তিনি জানান, আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এতে পানির স্তর বৃদ্ধি পাবে এবং কৃষিকাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু)সহ সংশ্লিষ্টরা।
পরে প্রধানমন্ত্রী শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে কৃষি মেলার উদ্বোধন করেন।
আপনার মতামত লিখুন