জয়পুরহাট জেলা এনসিপি কমিটিকে অবাঞ্চিত ঘোষণা এবং কমিটি স্থগিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার, বিকেল ৪টায় জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তি ও ছাত্রশক্তির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা এমসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওমর আলী বাবু, জেলা যুবশক্তির আহ্বায়ক ইমরান হোসেন, সদস্যসচিব গোলাপ হোসেন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল, সদস্যসচিব মো. রাহিছুল ইসলাম এবং ওয়ারিয়র্স অব জুলাই জয়পুরহাট জেলা সদস্যসচিব রাশেদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, এনসিপির জেলা আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে আহ্বায়ক ও সদস্যসচিবসহ গুটি কয়েকজন নেতা স্বেচ্ছাচারিতার মাধ্যমে সংগঠন পরিচালনা করছেন। তারা নিয়মিত কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন না এবং দলের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের সঙ্গে কোনো সমন্বয় রাখছেন না।
বক্তারা আরও বলেন, তারা ১০ দলীয় জোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। কিন্তু বর্তমান জেলা কমিটির কার্যক্রমে তারা হতাশ ও ক্ষুব্ধ। এ কারণে অবিলম্বে এনসিপির জেলা আহ্বায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কমিটি স্থগিতের দাবি জানান তারা।
এ বিষয়ে এনসিপি জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস বলেন, “কোন কারণেই ছাত্রশক্তি ও যুবশক্তি এই মানববন্ধন করেছে, তা আমি জানি না। বিষয়টি দলের হাইকমান্ডকে জানিয়েছি। এছাড়া ছাত্রশক্তি ও যুবশক্তির নেতৃবৃন্দদের ডেকে পাঠানো হয়েছে। তারা এলে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।”
আপনার মতামত লিখুন