কসবায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা ও সিএনজি জব্দ, আসামি পলাতক। আজ ২২ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় শনাক্ত এক আসামি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ。
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) রাত প্রায় ১১টা ১০ মিনিটে কসবা থানার এসআই (নিরস্ত্র) মো. ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে কসবা পৌরসভার শীতলপাড়া এলাকায়, উত্তরা বাজাজ মোটরসাইকেল শোরুমের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালানো হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মো. নাজিম উদ্দিন ভূইয়া (৩৮) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তার দখল থেকে ১০ কেজি গাঁজা এবং একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পলাতক আসামি কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর (দক্ষিণপাড়া) এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও তিনজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
উদ্ধারকৃত মাদক ও অটোরিকশা ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে জব্দ করা হয়।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নং-৫৮; জি আর নং-১৬২)।
কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, “পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে. মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে'।
আপনার মতামত লিখুন