ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা, কারাদণ্ড এবং ৫টি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার পরিদর্শক মোঃ রাখিবুল হাসানের প্রসিকিউশনের ভিত্তিতে পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডএর বিরুদ্ধে সরেজমিনে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মোঃ ফারুক হোসেন (জুনিয়র অফিসার)-কে ১ লাখ টাকা অর্থদণ্ড (তাৎক্ষণিক আদায়) ও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া কাজে নিয়োজিত শ্রমিক বায়েক নোয়াপাড়া এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে মোঃ উসমান গণিকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে পাহাড় কাটার কাজে ব্যবহৃত ৫টি ট্রাক্টর জব্দ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন