বর্তমান যুগে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে ও ক্যারিয়ারের প্রস্তুতিতে একধাপ এগিয়ে রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (জকসু) আয়োজিত ‘বেসিক টু ইন্টারমিডিয়েট গ্রাফিক্স ডিজাইন কোর্স’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে সমাপনী ক্লাসের মাধ্যমে দীর্ঘ প্রশিক্ষণ কার্যক্রমটির সমাপ্তি ঘটে।
গত ০৮ মার্চ শুরু হওয়া এই কোর্সটিতে বিশ্ববিদ্যালয়ের মোট ২৫৫ জন শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্মে ১০টি নিবিড় ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের গ্রাফিক্স ডিজাইনের মৌলিক ও মধ্যম পর্যায়ের কাজগুলো শেখানো হয়। এই কোর্সের সার্বিক বাস্তবায়নের দায়িত্বে ছিলেন জকসুর কার্যনির্বাহী সদস্য মোঃ মেহেদী হাসান।
আয়োজনটি সম্পর্কে মেহেদী হাসান বলেন, "বর্তমান যুগে প্রযুক্তিগত দক্ষতা ছাড়া এগিয়ে থাকা প্রায় অসম্ভব। শিক্ষার্থীদের ডিজাইন সেন্স ও স্কিল ডেভেলপ করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমরা তাদের একটি মজবুত ভিত্তি দিতে পেরেছি, যা ব্যবহার করে তারা নিজেদের ক্যারিয়ার গড়তে পারবে।"
তিনি আরো বলেন, "কোর্সটির একটি অনন্য বৈশিষ্ট্য ছিল এর স্কলারশিপ পদ্ধতি। শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির ওপর ভিত্তি করে বিশেষ আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে। ২০০ টাকা রেজিস্ট্রেশন ফির বিপরীতে যে শিক্ষার্থী যত শতাংশ ক্লাসে উপস্থিত ছিলেন, তাকে সমপরিমাণ অর্থ স্কলারশিপ হিসেবে ফেরত দেওয়া হয়েছে। সেই হিসেবে যারা শতভাগ ক্লাসে উপস্থিত ছিলেন, তারা সম্পূর্ণ বিনামূল্যে কোর্সটি সম্পন্ন করার সুযোগ পেয়েছেন।"
জকসু সূত্রে জানা গেছে, ভবিষ্যতে শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নের পাশাপাশি আইইএলটিএস (IELTS), ভিডিও এডিটিং এবং রিসার্চ মেথডোলজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আরও বিশেষায়িত কোর্স ও ভিন্নধর্মী কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আপনার মতামত লিখুন