ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক অজ্ঞাতপরিচয় নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে পৌরশহরের রাধানগর এলাকায় ঘুরে বেড়াতেন। স্থানীয়রা তাকে মাঝে মাঝে উপজেলা কমপ্লেক্সের পুকুরে গোসল করতেও দেখেছেন।
শনিবার সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, “অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন