টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই শ্রমিক। একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাজ করা শ্রমিকদের ওপর উঠে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটাংর ৫ নম্বর ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, দ্রুতগতির ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে কর্মরত শ্রমিকদের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ থানার বাসিন্দা হাসু (২০) ও আশরাফ (৩০)। তারা সড়ক উন্নয়ন প্রকল্পের কাজে নিয়োজিত ছিলেন। দুর্ঘটনার সময় সেখানে প্রায় ১৯ জন শ্রমিক কাজ করছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন