টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোগারচর-সড়াতৈল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রডবোঝাই একটি ট্রাক খাদে উল্টে পড়ে ১৫ জন নিহতের মধ্যে কয়েকজনের পরিচয় সনাক্ত করা হয়েছে । এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রডবোঝাই ট্রাকটিতে শ্রমিকরা উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। পথে কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা এলাকায় বলে নিশ্চিত করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। বাকি দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন মো. সাগর মিয়া (২০), পিতা, সাকিম মিয়া, বাড়ি রাজেন্দ্রবাড়ি, মান্দা, নওগাঁ, রবিউল ইসলাম (২৫), পিতা- শহিদুল ইসলাম, বাড়ি রাজেন্দ্রবাড়ি, মান্দা, নওগাঁ, ইসমাইল হোসেন (১৯), পিতা- আলতাফ হোসেন, বাড়ি বাতানপুর, তানোর, রাজশাহী; নজরুল (৬০), বাড়ি শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মামুন (৪৫), বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এবং সারিকুল (২৫), পিতা- সাইদুল, বাড়ি মালঞ্চী, নিয়ামতপুর, নওগাঁ।
এছাড়া আরও ৯ জনের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে রয়েছেন বাবু (৩৫), পিতা- মজিবর, বাড়ি ডেমরা, আব্দুল রহমান (৩৫), পিতা- আব্দুল রহিম, বাড়ি হোসেনপুর; তুহিন, পিতা- নজরুল, বাড়ি দশপাড়া; আলমগীর (৪০), পিতা- সফেদ আলী, বাড়ি পাকুরিয়া, সিদ্দিক আলী (৪০), পিতা- ছোরহাব আলী, বাড়ি পাকুরিয়া, খোরশেদ (২৬), পিতা- মৃত সাহেব আলী, বাড়ি রাজেন্দ্রবাড়ি; সমেজ, পিতা- শহিদুল, বাড়ি ডেমরা, মান্দা, নওগাঁ এবং নয়ন বিশ্বাস (৩২), পিতা- মৃত মান্নান, জেলা নাটোর। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এ ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ পুলিশ, যমুনা সেতু পূর্ব থানা পুলিশ, এলেঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে রেকারের সহায়তায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব জানান, শ্রমিক বহনকারী ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
আপনার মতামত লিখুন