পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কোল্লাপাথর শহীদ সমাধিস্থলে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের এবং কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, দেশের পরিবেশ রক্ষা ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সরকারি নার্সারির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বেসরকারি নার্সারি থেকেও মানসম্মত চারা সংগ্রহ করে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পরিকল্পনার আওতায় দেশের খাসজমি, চরাঞ্চল, নদীর তীর, সড়ক-মহাসড়কের উভয় পাশ, বনাঞ্চলের বৃক্ষহীন এলাকা এবং সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আঙিনায় ব্যাপকভাবে গাছ লাগানো হবে।
ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে তিনি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল হক স্বপন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইকলিল আজম, বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, যুব সাধারণ সম্পাদক মো. খুরশেদ আলমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে শহীদ সমাধিস্থল এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
আপনার মতামত লিখুন